01/09/2026
প্রিয় আমি,
কেমন আছো?
অনেকদিন তোমাকে এই প্রশ্নটা করা হয়নি। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে, সবার কথা শুনতে শুনতে, সবার মন ভালো রাখার চেষ্টা করতে করতে কখন যে নিজের মনের কথাগুলোই ভুলে গেছো তা হয়তো খেয়াল করনি।
তুমি জানো, তুই সবসময় শক্ত ছিলে না। অনেক রাত তোমার মন খারাপ ছিল, অনেক কথা কাউকে বলতে পারোনি, অনেকবার চুপ করে গেছো শুধু এই ভেবে—“থাক, কাউকে বিরক্ত করে লাভ কী!”
কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে চাই-
তোমার মন খারাপ করার অধিকার আছে। ক্লান্ত হওয়ার অধিকার আছে। একটু থেমে যাওয়ার অধিকারও আছে।
সবকিছু একসাথে ঠিক করে ফেলতে হবে না তোমাকে।
জীবনটা যেমন ভেবেছিলে, তেমনভাবে এগোয়নি—তাতে তুমি ব্যর্থ হয়ে যাওনি। কিছু মানুষ চলে গেছে, কিছু স্বপ্ন পিছিয়ে গেছে, কিছু ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে—তবুও তুমি এখনো আছো। আর সেটাই অনেক বড় কথা।
নিজেকে আর এত কঠিনভাবে বিচার কর না।
যে ভুলগুলো হয়েছে, সেগুলোর জন্য নিজেকে সারাজীবন শাস্তি দিতে হবে না। তুমি তখন যতটুকু বুঝেছিলে, যতটুকু পেরেছিলে, ততটুকুই করেছিলে। এখন যদি আরও ভালোভাবে বুঝতে পারো, তাহলে সেটাই তোমার বেচেঁ থাকার অনুপ্রেরণা।
আর একটা কথা—
নিজেকে ভালোবাসার জন্য অন্য কারও ভালোবাসা পাওয়ার অপেক্ষা কখনো করো না।
নিজের জন্য একটু সাজবে।
পছন্দের একটা পোশাক পরবে।
আকাশের নিচে কিছুক্ষণ বসবে।
মন চাইলে এক কাপ কফি খাবে।
কোনো কারণ ছাড়াই হাসবে।
আর মাঝে মাঝে আয়নায় তাকিয়ে বলবে—
“আমি নিখুঁত নই, কিন্তু আমি যথেষ্ট।
আমি হারিয়ে যাইনি, শুধু একটু ক্লান্ত।
আমি আবার নিজেকে খুঁজে নেব।”
হয়তো সব দিন সুন্দর হবে না। কিছু দিন আবার কঠিনও হবে। কিন্তু মনে রেখো, একটা খারাপ দিন মানেই খারাপ জীবন নয়।
তোমার সামনে এখনো অনেক সকাল আছে।
অনেক বৃষ্টি আছে।
অনেক প্রিয় গান আছে।
অনেক অপ্রত্যাশিত আনন্দ আছে।
অনেক ছোট ছোট মুহূর্ত আছে, যেগুলো এখনো তোমার জীবনে আসেইনি।
তাই নিজের হাতটা নিজেই ধরে রেখো।
সবাই যদি কোনোদিন বুঝতে না-ও পারে, তুমি যেন অন্তত নিজেকে বুঝতে চেষ্টা করবে।
আর যখন খুব ক্লান্ত লাগবে, তখন নিজেকে বলবে—
“চলো, আজ একটু বিশ্রাম নিই।
কাল আবার চেষ্টা করব।”
ভালো থেকো প্রিয় আমি।
নিজের প্রতি একটু নরম হোইয়ো।
নিজেকে একটু সময় দিও।
আর কখনো ভুলে যেও না—
তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি,
তুমি একদিন মন ভরে বাঁচার জন্যও জন্মেছো।
ভালোবাসা রইল,
তোমারই চিরচেনা—
তুমি। 💙
আজ চিঠি দিবস, তাই নিজেই নিজেকে একটা চিঠি দিলাম!
✍️: সন্ধ্যাবাতি