11/07/2026
মানুষ মূলত তার নিজস্ব বোধবুদ্ধি আর চেতনার পরিধি দিয়েই যেকোনো কিছুকে অনুধাবন করে। কেউ তাকে কোনো পরম সত্য বুঝিয়ে বললেও, তার বোঝার ক্ষমতা ততটুকুই,
যতটুকু গ্রহণ করার মতন ভেতরের আলো বা প্রজ্ঞা তার অর্জিত হয়েছে।
যেমন ধরা যাক, একজন শিল্পীর আঁকা ক্যানভাস। একজন সাধারণ মানুষ হয়তো তার দিকে নিছক মুগ্ধতায় চেয়ে থাকবে এবং নিজের মতন করে আত্মিক ভাবনার জাল বুনবে।
কিন্তু সেই ক্যানভাসের সামনে যখন একজন দক্ষ চিত্রকর দাঁড়াবেন, তিনি মনের অজান্তেই ছবির আলো-ছায়া, তুলির টান আর জাগতিক ভুলত্রুটিগুলোর ব্যবচ্ছেদ করতে শুরু করবেন।
সাহিত্যের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। একটি গল্প যখন একজন সাধারণ পাঠকের মন ছুঁয়ে যায়, সে কোনো প্রশ্ন ছাড়াই পরম শান্তিতে তা হৃদয়ে গ্রহণ করে। ঠিক তখনই একজন বিদগ্ধ বোদ্ধা পাঠক তার ভেতরের সমস্ত জাগতিক ব্যাকরণ আর সমালোচনার কাঁচি নিয়ে লেখাটির চুলচেরা বিশ্লেষণে বসে যান।
তাই, 'সুর' গল্পটির সাহিত্যিক বিচার বা সমালোচনা করার আগে আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন,
এই গল্পের লেখক Uday Rahman কি আদতেই প্রথাগত অর্থে কোনো 'দক্ষ লেখক'?
সাধারণত একজন দক্ষ লেখক যখন গল্প লেখেন, তখন তিনি চরিত্র, স্থান, কাল, পটভূমি, তথ্য-উপাত্ত, যুক্তি আর বিজ্ঞানের এক নিখুঁত ও ভারসাম্যপূর্ণ রসায়ন তৈরি করেন। কিন্তু 'সুর' গল্পের লেখক প্রথাগত ব্যাকরণের বৃত্তে বন্দি কোনো সাহিত্যিক নন, তাঁর আত্মপরিচয় স্পষ্ট করে দেয় যে তিনি আদতে সুরের ভুবনের মানুষ, একজন খাঁটি সাধক বা সুরকার।
তাঁর এই 'সুর' গল্পটি কোনো লৌকিক তত্ত্ব নয়, এটা নিখাদ সুরের এক মরমী জাদু। লেখাটি যে সবার কাছে সার্বজনীন বা যুক্তিগ্রাহ্য হতেই হবে,এমন কোনো অলিখিত শর্ত বা দায়বদ্ধতা লেখক নিজে দাবি করেননি।
তিনি স্রেফ নিজের ভেতরের অবিনশ্বর অনুভূতিটুকুকে গল্পের অবয়বে রূপ দিয়েছেন মাত্র। ফলে, একে বিজ্ঞানের নিরেট যুক্তি বা বস্তুবাদের নিক্তিতে মেপে বিচার করার কোনো প্রয়োজন দেখিনা।
এই সৃষ্টি বিজ্ঞান, যুক্তি আর তর্কের ঊর্ধ্বে,একেবারে এক আধ্যাত্মিক ঘরানার।
যদি আমরা এমন গল্পগুলোকে বৈজ্ঞানিক সত্যতা দিয়ে যাচাই করতে যাই, তবে পৃথিবীর অধিকাংশ কল্পকাহিনি, মরমী দর্শন, ঐশ্বরিক রূপকথাগুলোই চুলচেরা বিশ্লেষণে বাতিল হয়ে যাবে।
এই লেখার কাঠামোগত ভুলত্রুটি বা জাগতিক দুর্বলতা ছাপিয়ে যা সবচেয়ে সত্য হয়ে উঠেছে, তা হলো—
লেখক গল্পের ভেতরের সেই আদি ও অনাদি সুরটিকে পাঠকের অন্তরাত্মায় নিখুঁতভাবে পৌঁছে দিতে পেরেছেন।
মানুষ দিনশেষে যতই বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী বা বুদ্ধিজীবী হোক না কেন, জীবনের অন্তিমে সে একটুখানি পরম মানসিক শান্তি খোঁজে।
সে খোঁজে তার আত্মার আদিম উৎস, খোঁজে ভেতরের মহাজাগতিক শূন্যতার এক মরমী পূর্ণতা। এই চরম অস্থির পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত এক গভীর আত্মিক হাহাকার বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
সেই তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে কেউ যদি আধ্যাত্মিক শান্তির একটুখানি অমিয় শরাব ঢেলে, দু-কলম লিখে মানুষের ঘুমন্ত মনকে এক মুহূর্তের জন্য জাগিয়ে তুলতে পারে—তবে তা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি।
তাই এই লেখাটি আর যা-ই হোক, 'উপেক্ষা করার মতো কিছু তো অবশ্যই নয়'।
লেখক নিজেই যেমন লিখেছেন—“শব্দ দিয়া মানুষরে এক করা যায়, আবার শব্দ দিয়াই মানুষ ভাঙা যায়।”
আবার অন্যত্র লিখেছেন—“একসাথে একই ছন্দে যখন মানুষ দুলতে থাকে তখন মানুষ আর মানুষ থাকেনা, ঢেউ হইয়া যায়।”
এই লেখার আসল সার্থকতা আর আধ্যাত্মিকতা ঠিক এখানেই—লেখক তাঁর 'সুর' গল্পের অন্তর্নিহিত ইথারীয় সুরে বহু আত্মাকে এক সুতোয় বাঁধতে পেরেছেন।
ইচ্ছেয় হোক কিংবা অনিচ্ছায়, মুগ্ধতা থেকে হোক কিংবা কাঠামোগত দুর্বলতা আবিষ্কারের তাড়নায়,
সাধারণ পাঠক থেকে শুরু করে বিদগ্ধ বোদ্ধা সমাজ পর্যন্ত সবাই এই গল্পের টান অনুভব করেছেন এবং তা নিয়ে লিখতে বাধ্য হয়েছেন।
অথচ, তিনি কোনো পেশাদার সাহিত্যিক নন। তিনি একজন সুরকার, সুরের মাধ্যমে পরম সত্তার আরাধনা করাই যাঁর কাজ। আর তাই, তাঁর নিজের আত্মিক পার্সপেক্টিভ থেকে এই 'সুর' গল্পটি সম্পূর্ণ সফল ও সার্থক।
জীবনানন্দ দাশের ভাষায় এক কথায় বলতে গেলে—
"আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।"
আজকের এই চূড়ান্ত কোলাহল, বস্তুপ্রীতি আর অস্থিরতার যুগে, 'সুর' গল্পটি ঠিক সেই দু-দণ্ডের অনাবিল ও অতিন্দ্রীয় শান্তিটুকুই এনে দিয়েছে।সুরকার Uday Rahman এর জন্য রইল হৃদয়ের অন্তস্তল থেকে আন্তরিক শুভেচ্ছা।
প্রসঙ্গ -উদয় রহমানের #সুর গল্প নিয়ে।