10/09/2026
শুক্রবার বিকেলে উদ্বোধন, সবার জন্য উন্মুক্ত
বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘আর্ট অব ফেইথ’ প্রদর্শনী ২০২৬
স্টাফ রিপোর্টার ।।
শিল্প, বিশ্বাস ও সমকালীন সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (ICO)-এর উদ্যোগে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট অব ফেইথ’।
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে অনুষ্ঠেয় এ প্রদর্শনী চলবে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা এবং ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রদর্শনীতে ইসলামী ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন শিল্পমাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন ও উদীয়মান শিল্পীরাও অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন প্রবাসী শিল্পীরাও। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিচ্ছেন গৌরী ইউসুফ হুসেন।
আয়োজকরা জানান, ‘আর্ট অব ফেইথ’ শুধু একটি শিল্প প্রদর্শনী নয়, বরং বিশ্বাস, সৌন্দর্য, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতা নিয়ে শিল্পী ও দর্শকের মধ্যে অর্থবহ সংলাপ তৈরির একটি উদ্যোগ।
ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, “শিল্প মানুষের চিন্তা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের একটি শক্তিশালী ভাষা। আর্ট অব ফেইথ-এর মাধ্যমে আমরা বিশ্বাস ও সৃজনশীলতার একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করতে চাই।”
প্রদর্শনীতে শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পানুরাগী ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের দর্শনার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
স্থান: নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। তারিখ: ১১–১৬ সেপ্টেম্বর ২০২৬