13/09/2026
আমরা আমাদের দৈনন্দিন জীবন নিয়ে কত শত পরিকল্পনা করি। কত কিছু ভেবে রাখি। কিন্তু জীবনের কি আসলেই কোনো গ্যারান্টি আছে? যে জীবন নিয়ে আমরা সারা দিন ব্যস্ত থাকি—কাজের ফাঁকে ফাঁকে ভাবি আজ এটা করব, কাল ওটা করব, এই কাজটা হয়ে গেলে এমন কিছু করব—কিন্তু সত্যি বলতে, আমাদের এই জীবন ঠিক কতটুকু?
আমরা প্রতিদিন কত ছোট-বড় পরিকল্পনা সাজাই, কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মতো সত্যি কি পর্যাপ্ত সময় আমাদের হাতে আছে? এই কথাটা আমরা কখনোই ভাবি না। আমরা কেবল আমাদের মতো করেই ভেবে চলি—এটা করব, ওটা করব।
অথচ কোনো একটা ঘটনা ঘটার ঠিক এক মুহূর্ত আগেও আমরা কল্পনা করতে পারি না যে ঠিক কী ঘটতে যাচ্ছে। হয়তো এই নিঃশ্বাসটাই আমার জীবনের শেষ নিঃশ্বাস! দৈনন্দিন জীবনের ব্যস্ততায় বুঁদ হয়ে আমরা ভুলে যাই যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আমাদের আসার আগেই আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছেন।
আমাদের সবসময় মনে রাখা উচিত, আল্লাহ যা করেন তা মানুষের ভালোর জন্যই করেন। আমাদের ভাবনার অনেক আগেই তিনি আমাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা অবস্থায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত—তিনি আমাদের যা দিয়েছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।