03/03/2022
মেহগনি কাঠের হাতা
বাংলার কাষ্ঠ শিল্প আর শিল্পীদের সুনাম গোটা দেশ জোড়া। শুধুমাত্র আসবাবপত্র নির্মাণ নয়, রকমারি কাঠ দিয়ে শৌখিন ঘর সাজাবার নানান জিনিষ আর সাংসারিক প্রয়োজনে লাগে এমন নানান সামগ্রী প্রস্তুতিতে বাংলার শিল্পীরা সিদ্ধহস্ত। তবে প্লাস্টিক সহ বিকল্প সামগ্রীর আবিষ্কারের ফলে কাঠের সামগ্রীর চাহিদা কিছুটা হ্রাস পেলেও শৌখিনতা বিলাসী বাঙালিরা এখনও ঘর সাজাবার জন্য কাঠের আসবাব পত্রের উপরেই আস্থাশীল। তাছাড়া বর্তমানে শুধুমাত্র আসবাবপত্র নয় কাঠ দিয়ে বর্তমানে গৃহস্থালীর নানান জিনিষেরও জনপ্রিয়তা রয়েছে। কাঠের রকমারি শৌখিন ট্রে, প্লেট, ডিনার সেট, হাতা, খুন্তি, চপিং বোর্ড, টেবিল কোস্টার, টেবিল চামচ, কাঁটা চামচ, বাটার নাইফ সারা বাংলা জুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যান্য কাঠ দিয়ে এই সকল সামগ্রী বানানো হলেও মেহগনি কাঠের সামগ্রীগুলি চাহিদার নিরিখে সবচেয়ে জনপ্রিয়। গোটা বাংলাজুড়ে এমনকি বাংলার বাইরেও এই সকল সামগ্রীর একটা নির্দিষ্ট বাজার রয়েছে।
বাংলার হস্তশিল্পের উদ্যোগে শৌখিন বাঙালিদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে কাঠের রকমারি ঘর সাজাবার সামগ্রী আর সংসারের নানান প্রয়োজনীয় সামগ্রী। মেহেগনি কাঠের পাশাপাশি চাকলদা, সিসাম, তাল, সোনাঝুরি, জিলিপি, হলদু কাঠ দিয়েও নানান সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই এগুলির বিপণন শুরু হয়েছে। এরমধ্যে মেহগনি কাঠের তৈরি রকমারি প্লেট, রকমারি ট্রে’র চাহিদা সবচেয়ে বেশী। বাড়িতে অতিথি আপ্যায়নে এই ট্রে বা প্লেটগুলি আলাদা করে নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও মেহগনি কাঠের বিভিন্ন সাইজের চামচ, টেবিল কোস্টার, এমনকি হাতা-খুন্তিও বিকোচ্ছে সমানতালে। এবার উৎসাহী গৃহিণীদের কথা মাথায় রেখে প্রস্তুত করা হচ্ছে মেহেগনি কাঠের কাবাব ট্রে। বিভিন্ন আকারের ট্রে’র সাথে সস রাখার ছোট বাটি। এই কাবাব ট্রে বাংলার উৎসাহী শিল্প রসিকদের আলাদা করে নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের প্রয়োজনে তো ব্যবহার করতে পারবেন, এমনকি কাউকে উপহার দেবার জন্যও মেহগনি কাঠের এই সামগ্রীগুলি বেশ জনপ্রিয়। বাংলার বাইরেও জনপ্রিয় হয়ে উঠুক বাংলার এই কুটির শিল্প।